আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ :
পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও স্বাবলম্বী পরিবার গড়ে তোলার লক্ষ্যে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সিরাজগঞ্জের তাড়াশে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের প্রতিপাদ্য ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’। এর স্লোগান—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। পরিবারের সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে কার্যক্রমটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ. দা.) মো. হাফিজুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। মাঠপর্যায়ে সংগৃহীত তথ্যের যথার্থতার ওপর কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নের সফলতা অনেকাংশে নির্ভর করবে।
কর্মকর্তারা জানান, পরিবারকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্যভান্ডার গড়ে তোলার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ও গুরুত্বপূর্ণ।
এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং তথ্য সংগ্রহের উদ্দেশ্য যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
দেশব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে তাড়াশ উপজেলাতেও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রেস কনফারেন্সে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রমটি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।