৷আলহাজ সরকার টুটুল তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক কৃষকের গোয়ালঘর থেকে আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ১০ অক্টোবর দিবাগত রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার নাদোসৈয়দপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. জামাল উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। ঘটনার দিন রাতে অজ্ঞাতনামা চোরচক্র তাঁর গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা গোয়াল থেকে তিনটি গরু বের করার চেষ্টা করলে একটি বাছুর ছুটে যায়। তবে একটি কালো রঙের গাভি এবং একটি কালো পেটের সাদা রঙের শিংওয়ালা বকনা গরু নিয়ে চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
কৃষক জামাল উদ্দিন জানান, গভীর রাতে গোয়ালে শব্দ পেয়ে তারা জেগে দেখেন গরু দুটি নেই। তাৎক্ষণিকভাবে আসেপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গবাদিপশু দুটির কোনো সন্ধান মেলেনি। স্থানীয় বাসিন্দা মো. আতাউর ও মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তাদের এ ঘটনায় সাক্ষী করা হয়েছে।
নিঃস্ব হয়ে পড়া ওই কৃষক চুরি হওয়া গরু উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে তাড়াশ থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে চুরি হওয়া গবাদিপশু উদ্ধার এবং চোরচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।