কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে চার ঘণ্টার মেডিকেল ক্যাম্পেইনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ড জাহাজ মনসুর আলীর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে দ্বীপের ২৩২ জন মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী পান।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার বিকেলে এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।