November 21, 2026, 8:50 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারপার্সন গুলজার খানকে বিশ্বনাথে বিশাল নাগরিক সংবর্ধনা নওগাঁয় নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন Malaysia Carnival Kicks Off in Jeddah Amid Strong Turnout, Continues Through Friday জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চান এস এম আজিজ, ১২ দলীয় জোটের শরিক কাজী জাফরের জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

মোহাম্মদ রাসেল মির্জা

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের রামু সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। শনিবার (২১ নভেম্বর) ১০ পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। একই নামের দুই সংসদ সদস্যের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

এ ছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, বিমানবাহিনীর কমান্ডিং অফিসার এয়ার ভাইস মার্শাল শরীফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরোপ্রধান শামসুল হক শারেক।

এ ছাড়া কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পেশাজীবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান রামু সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমদ।

স্বাগত বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান।

তিনি জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রম, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রামাণ্যচিত্রে ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠক, ১১ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত সেক্টর কমান্ডারদের সম্মেলন এবং ১১টি সেক্টরে যুদ্ধ পরিচালনার সাংগঠনিক কাঠামো গড়ে ওঠার ইতিহাস তুলে ধরা হয়। একই সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত সামরিক অভিযানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসের পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর গৌরবোজ্জ্বল যাত্রা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদানের বিষয়েও আলোকপাত করা হয়।

এ সময় ১০ পদাতিক ডিভিশনের ইতিহাসও তুলে ধরা হয়। ২০১৪ সালের ২৮ অক্টোবর রামুতে এ ডিভিশন প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালের ১৬ নভেম্বর প্রথম জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে ২০১৫ সালের ১ মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ডিভিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

দেশপ্রেম, শৃঙ্খলা, পেশাদারত্ব ও আত্মত্যাগের আদর্শ ধারণ করে ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা দেশের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করে আসছেন। ‘সাউদার্ন শিল্ড’ বা দক্ষিণের সুরক্ষাবলয় হিসেবে পরিচিত এ ডিভিশনের কার্যক্রমও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

উল্লেখ্য, প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত সামরিক অভিযানের ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করে দিবসটি পালিত হয়ে আসছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী বীর সেনানীদের স্মরণ এবং সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটি জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে।



আমাদের পেজ লাইক করুন