October 25, 2026, 10:22 am
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে

তাহিরপুরে বিকাশ লেনদেনের বিরোধে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩

তাহিরপুরে বিকাশ লেনদেনের বিরোধে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিকাশ লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ব্রাহ্মণগাঁও জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের জামাল উদ্দিন (২৯) এর সঙ্গে একই গ্রামের আবেদ আলীর পূর্ব বিরোধ ছিল, যা মূলত বিকাশ লেনদেনকে কেন্দ্র করে সৃষ্টি হয়। ঘটনার দিন জুমার নামাজ শেষে জামাল উদ্দিন ও তার ভাই আলমগীর মিয়া বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাদের পথরোধ করে।

 

এ সময় আবেদ আলী, মরম আলী, রহমত আলী, ছায়েদ আলী, নাইম মিয়া ও জীবন মিয়াসহ আরও কয়েকজন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে তারা জামাল উদ্দিন ও আলমগীর মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

 

তাদের চিৎকারে জামাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও ছাড় দেয়নি হামলাকারীরা। অভিযোগ রয়েছে, আবেদ আলী মনোয়ারা বেগমের তলপেটে লাথি মারেন এবং রহমত আলী লোহার রড দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। জানা গেছে, মনোয়ারা বেগম প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা।

 

স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরে আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জামাল উদ্দিন ও আলমগীর মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত মনোয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় জামাল উদ্দিন তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এই বিষয়ে অভিযুক্ত আবেদ আলী মোবাইল ফোন নাম্বারে একাধিকবার ফোন করা হলে সে ফোন রিসিভ করে নাই। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।



আমাদের পেজ লাইক করুন