
কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। এর অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হয়। কিন্তু কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটে থাকা পাচারকারীরা দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
পরে নদীতে ভাসমান চারটি পলিথিন মোড়ানো প্যাকেট তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।