মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে শিক্ষক সমাজকেই সবচেয়ে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
শনিবার (২৫ জুলাই) রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “শিক্ষকরা সমাজের দর্পণ ও জাতির মেরুদণ্ড। কোনো শিক্ষার্থী বিপথগামী হলে তাকে ঘৃণা নয়, ভালোবাসা, মানবিকতা এবং সঠিক শিক্ষার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে। শিক্ষকদের হাত ধরেই একটি মাদকমুক্ত, নৈতিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
নবনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব যেন কখনো অহংকারের কারণ না হয়। সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, শৃঙ্খলা অনুসরণ করা এবং শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে।
স্মৃতিচারণ করে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শুধু রাজশাহীর নয়, দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে অসংখ্য গুণী শিক্ষক ও শিক্ষাবিদ গড়ে তুলেছে। তিনি জানান, তাঁর স্ত্রীসহ পরিবারের একাধিক সদস্য এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।
প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, রাজশাহী সরকারি টিটিসির জন্য একটি বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম এবং দুটি নতুন ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি কলেজের খেলার মাঠকে আধুনিক ও দৃষ্টিনন্দনভাবে উন্নয়ন করার আশ্বাসও দেন তিনি।
ভূমিমন্ত্রী শিক্ষকদের হারানো গৌরব পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং রাজশাহী সরকারি টিটিসির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে ২০২৬ শিক্ষাবর্ষের নবনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।