তাড়াশে শয্যাশায়ী কিশোর তানজিলের বাঁচার আকুতি
আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে গত দুই মাস ধরে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছে তানজিল হোসেন (১৪) নামের এক কিশোর। সে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালসিন গ্রামের দিনমজুর সোহেল সরকার ও তাছলিমা খাতুন দম্পতির সন্তান।
উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে অসহায় পরিবারটি এখন তানজিলকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে অন্যের বাড়িতে দিনমজুর (রাখালের) কাজ করতে গিয়ে তানজিল হোসেনের ঘারের হাড় ভেঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দিনমজুর বাবা সামান্য চিকিৎসা করাতে পারলেও উন্নত চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। এখন দিন দিন তানজিলের শারীরিক অবস্থার অবনতি হলেও টাকার অভাবে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। বর্তমানে সে বিছানায় ছটফট করছে আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানাচ্ছে। অর্থের অভাবে চোখের সামনে সন্তানের এই করুণ দশা দেখে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা।
তানজিলের মা তাসলিমা খাতুন বলেন, ‘‘দিন এনে দিন খাই, সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তার ওপর ছেলের এই অসুস্থতা আমাদের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না।’’
তানজিলকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এবং তার চিকিৎসার খরচ জোগাতে দেশের সকল হৃদয়বান, দানশীল ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার।
তানজিলের প্রতিবেশী ইঞ্জিনিয়ার মজিবুর রহমান বলেন, ‘‘ছেলেটি মাদ্রাসায় লেখাপড়া করতো। পারিবারিকভাবে তারা চরম অসচ্ছল। অর্থের অভাবে ছেলেটির চিকিৎসা হচ্ছে না। আমি নিজেও চিকিৎসার জন্য সামান্য সহযোগিতা করেছি। এখন সরকারসহ সকলে মিলে ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করতে পারলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারত।’’
এ ব্যাপারে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হাফিজুল ইসলাম বলেন, ‘‘আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে ইতিমধ্যে একটা প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছি। আমি সরেজমিনে পরিদর্শন করে আরো কোনো সহযোগিতা করা যায় কিনা দেখবো।’’
তার পরিবারের সাথে যোগাযোগ করতে তানজিলের বাবা সোহেল রানার মোবাইল 01741011654 (বিকাশ 01846985297