সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গিয়ে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেছেন আনোয়ারুল ইসলাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা-এর বাসায় গিয়ে মিষ্টিমুখ করান। এ ঘটনাকে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আনোয়ারুল ইসলাম জয়ী হন। ফল ঘোষণার পর তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গিয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে রাজনৈতিক সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেন।
বিজয়ী প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, সৌহার্দ্যের রাজনীতি করতে চাই। জনগণ আমাদের যে রায় দিয়েছেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা নিয়ে কাজ শুরু করতে চাই।
নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট।