আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনন্দঘন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ। উপজেলার প্রতিটি পূজামণ্ডপে দর্শনার্থী ও ভক্তদের নির্বিঘ্নে চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
পূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে সাইবার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।
পুলিশের এ নিরাপত্তাব্যবস্থার মূল লক্ষ্য হলো, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন এবং সব ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।
তাড়াশ থানা পুলিশের এমন উদ্যোগে পূজামণ্ডপগুলোতে নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।