


পাক্ষিক বিশ্বনাথ বার্তার ১৫তম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত (সরকার রেজি সিল নং ১৪০)
কবি এস.পি.সেবু, সিলেট বিভাগীয় প্রতিনিধি :
সরকার নিবন্ধিত গণমানুষের কণ্ঠস্বর এবং “বিবেকের প্রহরায় দিনরাত” স্লোগানকে ধারণ করে পথচলা পাক্ষিক বিশ্বনাথ বার্তা পত্রিকার ১৫তম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) বিকেলে বিশ্বনাথ বার্তা পত্রিকা পরিবারের উদ্যোগে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটির ১৫ বছর পূর্তি শেষে ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বনাথের প্রয়াত খ্যাতিমান সাংবাদিক ” ও লেখক
মরহুম মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুলের হাত ধরে প্রতিষ্ঠিত বিশ্বনাথ বার্তা দীর্ঘ ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। স্থানীয় গণমানুষের মুখপত্র হিসেবে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন। তিনি বলেন, “বিশ্বনাথ বার্তা সবসময় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের কথা তুলে ধরছে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, “পত্রিকাটির প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন সম্ভাবনাময় সাংবাদিক ও সহযুদ্ধাকে হারিয়েছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। বর্তমানে তাঁর ছোট ভাই ইলিয়াস আহমদ রাজন যুক্তরাজ্যে অবস্থান করেও নিষ্ঠার সঙ্গে পত্রিকাটির সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব পালন করছেন। আশা করি ভবিষ্যতেও তিনি এই দায়িত্ব সফলভাবে পালন করবেন।”
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বিশ্বনাথের সিনিয়র সাংবাদিক মো. শাহিন উদ্দিনের সভাপতিত্বে এবং বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কবি এস. পি. সেবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক, লেখক ও গবেষক শাহ আলম তালুকদার তুহিন,
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ অফিসার আব্দুল মান্নান, বিশ্বনাথ পৌরসভা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন এবং বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, সদস্য ছালেক উদ্দিন এবং একান্ত সহকারী দবির মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বর্ষপূর্তির অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
