
উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় ২০ হাজার পিস ইয়াবাসহ বেলাল হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবির বিশেষ টহল দল।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে হাতে পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় তাঁকে থামতে বলা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া করে আটক করেন।
তল্লাশির সময় তাঁর বহন করা পোটলা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা দুটি কার্টনে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ছিল।
আটক বেলাল হোসেন উখিয়ার আঞ্জুমানপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলবে।