আলহাজ্ব সরকার টুটুল, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের নিয়মিত চেকপোস্টে পালানোর চেষ্টা করে শেষ রক্ষা হয়নি স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীর। পরে ধাওয়া করে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুরঝুরি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা ওই নারীকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও চাকুসহ ওই নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) তাকে জেল হাজতে পাঠানো হবে।